নিজের স্বপ্ন নিজেকে নিয়ে

এখন প্রায় রাত দেড়টা বাজে। এই সময়টা খুবই সুন্দর একটি সময়। সারাদিনের গাড়িঘোড়ার কোলাহল, গাড়ির হর্ন এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মেইন রোড দিয়ে কিছু ট্রাক চলছে, সেগুলোর শব্দ পাচ্ছি; কিন্তু সারাদিনের শব্দের তুলনায় এটা কিছুই না।

আশেপাশের সব বাড়ির সব ফ্ল্যাটের আলো নিভে গিয়েছে। কয়েকটি বাড়িতে এখনো আলো জ্বলছে তারা হয়তো আমার মতোই নিশাচর, অথবা কেউ ফ্রিল্যান্সিংয়ের কাজ করছে। কারও হয়তো মাত্র কিছুদিন আগে বাচ্চা হয়েছে, তাই তাদের আলো এখনো নেভেনি। তবে এমন বাসার সংখ্যা একেবারেই কম।

আজ দিনের বেলা অতটা গরম ছিল না। আর এখন রাতের বেলা যে বাতাস বইছে, তা খুবই আরামদায়ক, শান্ত ও মনোরম। একদমই গরম নেই, তাই অন্য দিনের মতো ঘামছি না।

একটু আগে Search English-এর অডিও কলে কথা শেষ করলাম। আজ প্রায় তিন ঘণ্টার মতো কথা বলছিলাম বা তারও বেশি, না, প্রায় চার ঘণ্টার মতো! আর আমাদের মৌমি আপু তিন ঘণ্টা একাই কথা বলেছিলেন ইংরেজিতে।

আগামী এক মাসের মধ্যে আমাকে তিনটি ইউনিভার্সিটির কনফারেন্সে বক্তৃতা দিতে হবে। এর জন্য এখন প্রতিদিন প্রস্তুতি নিচ্ছি, প্র্যাকটিস করছি, বিভিন্ন আইডিয়া নিয়ে চিন্তা করছি। এরপরে ডিসেম্বর মাসে হয়তো আরও বেশি ব্যস্ত হয়ে যাব।

আজ এমন একটা বেশ ভালো লাগার কাজ করছি এইজন্য যে, নিজের কাজ নিয়ে চিন্তা করছি যেখানে কোনো স্ট্রেস, প্রেসার বা টেনশন নেই। নেতা হওয়ার সবচেয়ে খারাপ দিক হচ্ছে, নানা ধরনের গণ্ডগোলের মধ্যে প্রতিদিন বাস করতে হতো। একদিকে কিছু আইডিয়া নিয়ে কাজ করার ব্যাপার ছিল যারা আমার সাথে কাজ করছে তাদের প্রচার করা, এগিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি; আবার অন্যদিকে যারা ভেজাল করছে, ঝামেলা করছে, গণ্ডগোল করছে তাদের উত্তর দেওয়া, বিভিন্ন কৌশল প্রয়োগ করা ইত্যাদি।

এখন আর ঐসব কিছু নেই। এখন শুধু আমি আমার নিজের কাজ করি। Search English-এ যে অডিও কল নিয়ে কাজ করছি, সময় দিচ্ছি সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এগুলোকে ভিত্তি করে কিছু গবেষণা তৈরি করা। সেগুলো বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির কনফারেন্সে আপাতত উপস্থাপন করব, এবং আগামী বছরের এপ্রিলে পারলে ভালো, না হলে হয়তো জুলাই থেকে বিদেশের বিভিন্ন কনফারেন্সে এগুলো নিয়ে আলোচনা করব।

আমার সাথে এখন দশজনের মতো সময় দিচ্ছে। তার মধ্যে পাঁচজন বেশ অ্যাকটিভ, নিয়মিত। বাকি পাঁচজন অনিয়মিত। এতে কোনো সমস্যা নেই, কারণ এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমার নিজের গবেষণা বা রিসার্চ। তাদের উন্নতি হলে ভালো; যাদের উন্নতি হচ্ছে তারা নিয়মিত সময় দেবে এটাই আশা করি। যাদের হচ্ছে না, তারা অনিয়মিত থাকবে; এখানে আমার কিছু করার নেই।

বিষয়টি হচ্ছে ফেসবুকে Search English বা Interesting গ্রুপে, অন্যদের অন্যান্য গ্রুপে, নারী উদ্যোক্তাদের গ্রুপে বা আমার প্রোফাইলে এসব নিয়ে তেমন কিছু করার নেই। এমনকি Search English গ্রুপেও এই রিসার্চের রেজাল্টগুলো নিয়ে খুব বেশি কিছু করা হচ্ছে না। কারণ Search English ইতিমধ্যে দশ বছর পার করে ফেলেছে। এখানে যে আইডিয়াগুলো নিয়ে কাজ করেছি, সেগুলোর ভিত্তিতে মানুষ প্রতিদিন অ্যাকটিভ থাকছে, পোস্ট দিচ্ছে, কমেন্ট করছে, ভিডিও আপলোড করছে ইত্যাদি।

সেখানে নতুন করে খুব একটা করার কিছু নেই, বলারও কিছু নেই। আর এখন নতুন করে যা করার ও বলার রয়েছে তা হচ্ছে আমি ভালো কিছু করতে চাই, কাজ করে যেতে চাই; আর এজন্যই এভাবে সময় দিচ্ছি।

আজকের রাতটা খুব চমৎকার। আবহাওয়া খুবই ভালো, আর এমন আবহাওয়া যদি আগামী দুই মাস থাকে, তাহলে এই সময়ে আসলেই মনের আনন্দে অনেক কাজ করতে পারব। গত কয়েকটা মাস গরমের কারণে অনেক ভুগেছি এবং মনের মতো করে কাজ করতে পারিনি।

সব কথার শেষ কথা হচ্ছে আগে আমি অন্যদেরকে, বিশেষ করে সবাইকে নিয়ে চিন্তা করতাম, চেষ্টা করতাম। অসম্ভব সব স্বপ্ন দেখতাম। এখন আর সেগুলো কিছু নেই। এখন স্বপ্নগুলো খুব ছোটখাটো।

আমি হয়তো একটা কনফারেন্সে বক্তৃতা দিতে চাই, আমি হয়তো আমেরিকার কোনো একটি ইউনিভার্সিটি থেকে কোনো ধরনের স্বীকৃতি পেতে চাই, কিংবা কোনো একটি বই লিখতে চাই। ঘুরেফিরে সবকিছুই নিজের অর্জনের সঙ্গে সম্পর্কিত, নিজের স্বপ্নের সঙ্গে সম্পর্কিত।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *