যারা স্বপ্ন দেখতে ভালবাসেন তারা জানেন যে স্বপ্ন দেখা এক জিনিস এবং তা বাস্তবায়ন করা আরেক। কারণ স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অনেক কষ্ট হয় এবং অনেক মূল্য দিতে হয়। আমি ই-ক্যাব নিয়ে তা ভালমতো উপলব্ধি করেছি। আবার অন্যদিক থেকে চিন্তা করলে ই-ক্যাব হয়তো আমার জীবনে এ ধরনের শেষ স্বপ্ন দেখা। অথবা জীবনে এমন স্বপ্ন একবারই বাস্তবায়নের জন্য এতটা কষ্ট করা যায়।
শরীর পুরোই ভেঙ্গে গিয়েছিল, এখন একটু ভাল। শরীরের থেকেও বড় কষ্ট গেছে মনের উপর দিয়ে। অনেক টেনশন করেছি অনেক কিছু নিয়ে। ই-ক্যাবের রেজিস্ট্রেশন নিয়ে টেনশন ছিল, আরও অনেক কিছু নিয়ে টেনশন ছিল। এখনো আছে তবে অনেক কমে গেছে।
ই-ক্যাব বেশ শক্ত ভিতের উপর দাড়িয়ে গেছে। তাই এখন আর আগের মত টেনশন করতে হয় না। আর এখন মেম্বার কোম্পানির সংখ্যা প্রায় ৩৬০ টির মত। তাই এটি বন্ধ হবার আর ভয় নেই। আমার স্বপ্ন সত্যি হয়েছে আমার কষ্ট সার্থক হয়েছে। এই স্বপ্নের জন্য অনেক মূল্য দিতে হয়েছে। কিছু কষ্ট প্রকাশ করা যাবে না, কিছু ক্ষতি পূরণ হবার নয়, কিছু বেদনার ক্ষত সারা জীবন থেকে যাবে। কিন্তু স্বপ্ন পূরণের আনন্দ ও সুখ অবশ্যই আছে বিপরীত ভাবে কারণ এই স্বপ্নে আমি মন থেকেই বিশ্বাস করেছিলাম।
অনেক ভেজাল দেখেছি, ফেইসবুকে নিয়মিত আক্রমণের শিকার হয়েছি। ঘরে বাইরে প্রচণ্ড চাপের মুখে ছিলাম মাসের পর মাস। সবচেয়ে কষ্ট করেছি, সময় দিয়েছি এবং সবচেয়ে ভেজালের মধ্যেও পড়েছি। কিন্তু এ নিয়ে আমার মনে একটুও দুঃখ নেই, হতাশা নেই বরং আমি সুখী ও গর্বিত যে আমি হৃদয় দিয়ে চেষ্টা করতে পেরেছি দিনের পর দিন এবং মাসের পর মাস। জীবনে একবার হলেও নিজের বিশ্বাসের জন্য চেষ্টা করেছি।
![]()
